দেশজুড়ে

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ফরিদপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বিজয় কুমার দাস (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত বিজয় কুমার দাস (১৭) পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরপুর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বিজয় দাস কালীবাড়ি থেকে নুরুল্লাগঞ্জের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সদরপুর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার পেছন থেকে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে পাঁচ যাত্রী আহত হন।

অন্যদিকে, মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে বিজয় মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. আবদুল আল মামুন শাহ জানান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বিজয় কুমার দাস নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন