গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ধসে পড়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
রোববার (০৯ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চার দিন ধরে উদ্ধার অভিযান চালানোর পর শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবনের ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ইসরাইলি হামলায় ধসে পড়া ভবনের নিচে চাপা পড়াদের উদ্ধারে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে ভারী যন্ত্রপাতির সংকট। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় উদ্ধারকর্মীদের অনেক সময় হাতের যন্ত্রপাতি ব্যবহার করেই ধ্বংসস্তূপ সরাতে হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকাজুড়ে এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত এবং ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপ থেকে ৮০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।
এমএ//