রাষ্ট্রপতি নির্বাচনে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (০৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে এ মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদে এ নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
আর/আই