শুধু প্রযুক্তি ব্যবহার নয়, তরুণদের প্রযুক্তি উদ্ভাবনেও নেতৃত্ব দিতে হবে : আইসিটি মন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “তরুণদের শুধু প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।”
শনিবার (৮ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অনুষ্ঠিত জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রোবোটিক্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশকে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব।
তিনি বলেন, রোবোটিক্সের সঙ্গে ভবিষ্যতের শিল্প, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও পরিবহনসহ বিভিন্ন খাতের উন্নয়ন জড়িত। তাই শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধানে এখন থেকেই দক্ষ হয়ে উঠতে হবে।
এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক এ আয়োজনে অংশ নেন। পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৬৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে লাইন ফলোয়িং রোবট (এলএফআর) ৩৩টি, রোবো সকার ২০টি, টেকাথন ৩৫টি, প্রজেক্ট শোকেস ৬৫টি এবং বোট রেসিংয়ে ১৩টি দল অংশ নেয়।
সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এবং কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন প্রমুখ।
আয়োজকরা জানান, দেশের তরুণদের রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তিতে আগ্রহী করে তোলা এবং তাদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোই ‘রোবোফিউশন ১.০’-এর মূল লক্ষ্য। বিকেল সাড়ে ৫টায় বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।
আই/এ