দেশজুড়ে

বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

ঝিনাইদহের মাদ্রাসা পড়ুয়া শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত ব্যক্তির নাম তানভির (২৪)। অভিযুক্ত শিক্ষক তানভীর (২৪) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি ওই গ্রামের একটি মাদরাসায় শিক্ষকতা করেন।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ধুলিয়া গ্রাম থেকে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশু (বয়স ১৪) হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের বাসিন্দা। সে পড়াশোনার সুবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের একটি মাদ্রাসায় থাকতো। বিভিন্ন সময়ে ওই শিশুকে মাদ্রাসার একটি অফিস রুমে নিয়ে বলাৎকার করতেন অভিযুক্ত শিক্ষক।

শিশুটি তার গ্রামের বাড়িতে গিয়ে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানলে  তার পরিবার ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে হরিণাকুন্ডু থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ তাকে আটক করে। এসময় আটক শিক্ষক তানভীর তার কৃতকর্মের দায় স্বীকার করে। 

ওসি অসিত কুমার রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা অভিযুক্তকে আটক করেছি। অপরাধ যেহেতু চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সংঘটিত হয়েছে, কাজেই সেখানেই ভুক্তভোগী  পরিবারকে অভিযোগ দিতে হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন