রাজনীতি

ড. ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান

জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি দেশের জন্য বড় চ্যালেঞ্জ হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজারগুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রয়াত সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির মূল্যায়ন করে কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরে বহুমুখী সংকটের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতিও বেশ জটিল। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও বর্তমান সরকারের দেশ পরিচালনার গতি ও মান অতীতের তুলনায় অনেক ভালো। একই সঙ্গে তিনি জননিরাপত্তা জোরদার করা এবং দ্রব্যমূল্য আরও সহনীয় পর্যায়ে নামিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সরকারের প্রতি দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে এই প্রবীণ রাজনীতিক জানান, এই মুহূর্তে সরকারের সরাসরি বিরোধিতা করার কোনো প্রয়োজন দেখছেন না তারা। সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেই পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কঠোর সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এ ধরনের কর্মসূচির কারণে মাঠপর্যায়ের সাধারণ নেতাকর্মীরা বিনা কারণে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। তার দাবি, একটি বিশেষ ঘোষণার পর থেকে অসংখ্য নিরীহ মানুষ গ্রেপ্তার হয়ে কারাবন্দি হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় পর্ব শেষে তিনি প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলটির জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন