আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে আহত ৫১ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থীশিবিরে দখলদার ইসরাইলি বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত ৫১ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার (০৭ আগস্ট) জেরুজালেম গভর্নরেটের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।

স্থানীয় সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার কালান্দিয়া চেকপোস্টের আশপাশে কয়েকটি বাণিজ্যিক স্থাপনা ভেঙে ফেলার পর কাফর আকাব এলাকায় কারফিউ জারি করা হয়। একই সঙ্গে জেরুজালেমের সঙ্গে ওই এলাকার যোগাযোগের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, অভিযানে আহতদের মধ্যে ৩৫ জনকে হাসপাতালে নিতে হয়েছে। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আরও ছয়জনকে। এছাড়া রাবার-মোড়ানো ধাতব গুলিতে একজন আহত এবং কাঁদানে গ্যাসের প্রভাবে অসুস্থ হন ছয়জন।

পিআরসিএসের দাবি, বুধবার রাত থেকেই আহতদের উদ্ধারে যাওয়া অ্যাম্বুলেন্সগুলোকে বাধার মুখে পড়তে হয়। তারপরও উদ্ধারকর্মীরা কয়েকজনকে চিকিৎসার জন্য সরিয়ে নিতে সক্ষম হন। তাদের মধ্যে নিয়মিত কিডনি ডায়ালাইসিস প্রয়োজন এমন একজন রোগীও ছিলেন।

অভিযানের সময় শিবিরের প্রবেশপথে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের দিকেও স্টান গ্রেনেড ছোড়ে ইসরাইলি সেনারা। পরে তাদের এলাকা ছেড়ে যেতে বলা হয়।

স্থানীয় ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান চলাকালে নারী ও শিশুসহ কয়েক ডজন মানুষকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েকটি বাড়ির অংশকে সাময়িক আটককেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে একই দিনে পশ্চিম তীরের জেনিন শহরেও অভিযান চালায় ইসরাইলি বাহিনী। পিআরসিএসের তথ্য অনুযায়ী, সেখানে গুলিতে একজন আহত হন এবং আরেকজনকে মারধর করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযান এবং ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা আরও বেড়েছে। এর পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িঘর ও অন্যান্য সম্পত্তি ধ্বংস এবং জমি দখলের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন