ঢাকায় প্রাইভেট প্র্যাকটিসের সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী
সরকারি অফিস চলাকালীন পুরান ঢাকার ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে নরসিংদীতে কর্মরত সরকারি চিকিৎসককে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় অভিযুক্ত চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীর লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালান মন্ত্রী। ওই চিকিৎসক নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়নকৃত।
মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় অফিস চলাকালে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেওয়া সম্পূর্ণ বে আইনি। এ বিষয়ে ওই চিকিৎসকের অফিস থেকেও তাকে শোকজ করা হয়েছে। তিনি পাত্তা দেন না।
অভিযানকালে ক্লিনিক কর্তৃপক্ষের কাগজপত্র যাচাই করে দেখা গেছে, সংশ্লিষ্ট চিকিৎসকের সরকারি চাকরি থেকে অব্যাহতির (রেজিগনেশন) কোনও কাগজপত্র বা অনাপত্তিপত্র (এনওসি) সংরক্ষণ করেনি প্রতিষ্ঠানটি। এ নিয়ে পপুলার ডায়াগনস্টিকের ম্যানেজারকে তীব্র ভর্ৎসনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
আই/এ