হাসপাতালের সামনে ফের ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় রাজধানীর ন্যাশনাল মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন ছাত্রশিবির ও ছাত্র শক্তির নেতাদের ওপর আবার হামলার অভিযোগ উঠেছে। ছাত্রশিবিরের দাবি বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর হামলার পাশাপাশি বাইরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এতে কয়েকজন সাধারণ রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন।
এ ঘটনায় কিছু সময়ের জন্য হাসপাতালের চিকিৎসাসেবাও ব্যাহত হয় বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে ক্যাম্পাসে সংঘর্ষে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক, ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখসহ বিভিন্ন ছাত্রনেতা আহত হন। দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। ছাত্রদল জানিয়েছে শিবির ও ছাত্র শক্তির সাথে হওয়া সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন।
আই/এ