ঢাকায় আসছেন এমবাপ্পে!
বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে উন্মাদনা যেন এখনো থামেনি। ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত তারকাকে এবার ঢাকার মাটিতে দেখার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। কারণ, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে আনার পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের ফুটবল ইতিহাসে সেটি হতে পারে অন্যতম স্মরণীয় আয়োজন।
সোমবার (০৩ আগস্ট) সচিবালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের স্টিয়ারিং কমিটির সভা শেষে এ পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমবাপ্পের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না কিংবা তিনি এ বিষয়ে সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে বড় পরিসরে আয়োজন করা হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ। প্রতিযোগিতা শুরু হবে উপজেলা পর্যায় থেকে। এরপর জেলা পেরিয়ে জাতীয় পর্যায়ে গড়াবে লড়াই। একটি মাঠে সব ম্যাচ আয়োজনের পরিবর্তে প্রতিটি উপজেলায় চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিতে পারে এবং তৃণমূল পর্যায়ে ফুটবল উৎসবের আবহ তৈরি হয়।
প্রতিযোগিতায় অংশ নিতে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, কোনো প্রতিষ্ঠান যদি ১১ থেকে ১৫ জন শিক্ষার্থী নিয়েও একটি দল গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। এমনকি দল গঠন না করা প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
প্রতিযোগিতার ব্যয় নির্বাহে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয় করা যাবে। জেলা পর্যায়ের আয়োজনের জন্য জেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব তহবিল থেকে মাঠপর্যায়ের আয়োজনের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব এসেছে। প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে পরিচালনা কমিটি গঠন এবং অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াতসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
এই পরিকল্পনার সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য একটাই—কিলিয়ান এমবাপ্পে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ১০ গোল করে তিনি জিতেছেন গোল্ডেন বুট। ২০২২ সালের পর টানা দ্বিতীয়বার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে গড়েছেন নতুন ইতিহাস। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের সম্ভাব্য ঢাকা সফরের খবর ছড়িয়ে পড়তেই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
তবে আপাতত সবকিছুই পরিকল্পনার পর্যায়ে। এমবাপ্পের সম্মতি কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়ে এখনো কিছু জানায়নি সরকার। কিন্তু যদি শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী এই তারকা সত্যিই ঢাকায় আসেন, তাহলে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠান শুধু একটি পুরস্কার বিতরণী নয়, বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠতে পারে।
এসি//