প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।
রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন।
এর আগে ১ আগস্ট যোগদানের তারিখ নির্ধারনের দাবিতে বেলা ১২ টাকা থেকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এর মধ্যেই রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়, পূর্ব নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। পরদিন ২ অক্টোবর তাদের পদায়ন করা হবে। যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে এবং পরে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর আন্দোলনকারীরা জানান, সরকারের এই সিদ্ধান্তকে তারা ইতিবাচক ভাবে নিয়েছেন। পরে শিক্ষকেরা সরকারকে ধন্যবাদ জানান। এরপর তাঁরা রাস্তা পরিস্কার করে তারা শাহবাগ ত্যাগ করেন।
আই/এ