বাড়িতে ঢুকে মাথায় ও পায়ে গুলি করে হত্যা
নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে একজনকে মাথায় ও পায়ে গুলি করে হত্যার করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
আহতরা হলেন- মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০), রুহুল আমিন (৩৭)। আহতরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। স্থানীয় সংসদ সদস্য দুইপক্ষের বিরোধ মিমাংসা করার পরেও আবারও দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন এর বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় মাথায় ও পায়ে গুলি করে মোমেনকে আহত করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মুজিবুর রহমান জানান, দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মুমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আর/আই