ফিচার

আজ বিশ্ব বন্ধু দিবস

বন্ধুত্বের নেই কোনো নির্দিষ্ট সংজ্ঞা কিংবা বন্ধুত্ব মানে না কোনো বয়স, জাত কিংবা সামাজিক স্ট্যাটাস। সুনীল গঙ্গোপাধ্যায় তার বন্ধু কবিতায় লিখেছেন, "আমার কিছু বন্ধু আছে। ভালো মন্দ পাঁচমিশালী নানারকম খামখেয়ালী তাদের মনে ছন্দ আছে ভালবাসার গন্ধ আছে"। এখানে ভিন্ন স্বভাবের বন্ধুদের সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

আজ আগস্টের প্রথম রবিবার। তাই বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে আজ আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে বন্ধু দিবস।

বন্ধুত্বের এই বিশেষ দিনের ইতিহাসও বেশ মজার। ১৯৩০ সালে শুভেচ্ছা কার্ডের মাধ্যমে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ধারণা দেন জয়েস হল। পরে ১৯৫৮ সালে প্যারাগুয়ের চিকিৎসক রামন আর্তেমিও ব্রাচো বন্ধুত্বকে বিশ্বশান্তির ভিত্তি হিসেবে তুলে ধরে বিশ্ব বন্ধুত্ব অভিযান শুরু করেন।

সেই ভাবনাই ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বন্ধুত্বের এই মাহাত্ম্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে ১৯৫৮ সালে প্যারাগুয়েতে 'ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড' সংস্থার উদ্যোগে প্রথম আন্তর্জাতিক বন্ধু দিবস পালনের প্রস্তাব করা হয়।

পরবর্তীতে ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে ৩০ জুলাই-কে 'আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস' হিসেবে স্বীকৃতি দেয়। তবে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঐতিহ্যগতভাবে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস হিসেবে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদ্‌যাপন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ভালো বন্ধুত্ব মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। বন্ধুদের সঙ্গে কথা বললে মানসিক চাপ কমে, একাকিত্ব দূর হয় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তাই শুধু উৎসবের দিনে নয়, সম্পর্কটিকে যত্নে রাখা জরুরি প্রতিদিনই।

আজকের দিনে প্রিয় বন্ধুকে পাঠিয়ে দিতে পারেন ছোট্ট একটি বার্তা, ‘শুভ বন্ধু দিবস, প্রিয় বন্ধু’। 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন