রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অর্পণ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (০১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয় ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কার্যক্রম, দলীয় সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এমএ//