৫ আগস্টের পর নির্বাচন নিয়ে চক্রান্ত হয়েছিল : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ৫ আগস্টের পর নির্বাচন নিয়ে চক্রান্ত হয়েছিল। আমরা সেদিন জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। কিন্তু জনগণের ভোটের ক্ষমতা জনগণকে না দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত হয়েছিল।
শনিবার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ করেছিলাম, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা পর্যন্ত জাতীয় নির্বাচনের বিপক্ষে কথা বলেছিলেন। সেদিনও তারেক রহমান লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে নির্বাচনের তারিখ ঠিক করেছিলেন, সেটাই ছিল একমাত্র সমাধান।’
তিনি বলেন, সম্প্রতি পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরও বেশি বাষ্প দিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। প্রতিক্রিয়াধর্মী ও উত্তেজনাকর অশ্লীল বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে একটা দূষিত পরিবেশ তৈরির লক্ষ্যে সরকারে দায়িত্ব বিঘ্নিত হতে পারে না। বিশেষ করে জনগণ যখন বিএনপিকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলন করা কারও কারও পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা ছিল ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনার মাধ্যমে একটি স্বাধীন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব। কিন্তু আঙ্গুল যদি বাঁকা করতে হয়, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সরকারকে কিন্তু অবশ্যই তা করতে হবে।
আই/এ