প্রতিদিনের খাবারে কাঁচা না শুকনো মরিচ, কোনটি হবে সেরা সঙ্গী?
ঝালের ছোঁয়া না থাকলে বাঙালির খাবারের থালাটা যেন অপূর্ণই থেকে যায়। ধোঁয়া ওঠা ডাল, গরম ভাত, আলুভর্তা কিংবা মাছের ঝোলে একটি কাঁচা মরিচের উপস্থিতিই যেন স্বাদকে অন্য মাত্রা দেয়। আবার শুকনো মরিচের ফোড়ন অনেক রান্নার ঘ্রাণ আর রুচি কয়েক গুণ বাড়িয়ে দেয়। কিন্তু স্বাদের এই দুই সঙ্গীর মধ্যে শরীরের জন্য বেশি উপকারী কোনটি—কাঁচা মরিচ, নাকি শুকনো মরিচ? পুষ্টিবিদদের মতে, দুটিরই আলাদা বৈশিষ্ট্য থাকলেও পুষ্টিগুণ, ব্যবহার ও খাওয়ার পরিমাণের ওপর নির্ভর করে কোনটি শরীরের জন্য বেশি উপকারী হবে।
কাঁচা মরিচে পুষ্টিগুণ বেশি
পুষ্টিবিদদের মতে, কাঁচা মরিচে রয়েছে প্রচুর ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি-৬, পটাশিয়াম এবং অল্প পরিমাণ আয়রন। রান্নার শেষে কিংবা কাঁচা অবস্থায় খেলে এসব পুষ্টি উপাদান অনেকটাই অক্ষুণ্ন থাকে।
এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, হজমে সহায়তা করা এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতেও কাঁচা মরিচ ভূমিকা রাখতে পারে।

ওজন ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক
কাঁচা মরিচে থাকা ক্যাপসাইসিন শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সহায়তা করতে পারে। এর ফলে ক্যালরি খরচের হার বাড়ে, যা ওজন নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
কিছু গবেষণায় আরও দেখা গেছে, ক্যাপসাইসিন রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতেও সহায়ক হতে পারে। তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয়।
এ ছাড়া ঝাল খাবার খাওয়ার সময় শরীরে ভালো লাগার অনুভূতির সঙ্গে সম্পর্কিত কিছু হরমোন নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমাতেও ভূমিকা রাখতে পারে।
শুকনো মরিচেরও রয়েছে উপকারিতা
কাঁচা মরিচ শুকিয়ে তৈরি করা হয় শুকনো মরিচ। পানি কমে যাওয়ায় এর ঝাঁজ আরও তীব্র হয়।
বিশেষজ্ঞদের মতে, শুকনো মরিচে থাকা ক্যাপসাইসিন রক্তসঞ্চালন বাড়াতে এবং শরীরে উষ্ণতা তৈরি করতে সহায়তা করতে পারে। পাশাপাশি রান্নায় এটি স্বতন্ত্র ঘ্রাণ, রং ও স্বাদ যোগ করে খাবারকে আরও আকর্ষণীয় করে তোলে।

অতিরিক্ত শুকনো মরিচ খেলে যেসব ঝুঁকি
তবে অতিরিক্ত শুকনো মরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এতে পাকস্থলীতে জ্বালাপোড়া, অম্বল, গ্যাস্ট্রিক এবং আলসারের ঝুঁকি বাড়তে পারে।
এ ছাড়া শুকানোর সময় কাঁচা মরিচের ভিটামিন সি প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। অন্যদিকে বাজারে পাওয়া কিছু মরিচের গুঁড়ায় ভেজাল বা কৃত্রিম রং মেশানো থাকতে পারে, যা দীর্ঘদিন গ্রহণ করলে যকৃত ও কিডনির ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
কোনটি বেশি উপকারী?
পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণ কাঁচা মরিচ রাখা তুলনামূলক বেশি উপকারী। এতে পুষ্টিগুণ বেশি থাকে এবং শরীরের বিভিন্ন উপকারে আসে।
অন্যদিকে শুকনো মরিচ রান্নার স্বাদ, ঘ্রাণ ও রং বাড়াতে পরিমিত পরিমাণে ব্যবহার করাই সবচেয়ে ভালো।
বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক, অম্বল বা আলসারের সমস্যা রয়েছে, তাদের শুকনো মরিচ কম খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের পরামর্শ
কাঁচা ও শুকনো—দুই ধরনের মরিচেরই নিজস্ব গুণ রয়েছে। তবে পুষ্টিগুণের বিচারে কাঁচা মরিচ এগিয়ে। আর শুকনো মরিচের সবচেয়ে বড় শক্তি এর স্বাদ ও ঘ্রাণ। তাই সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত কাঁচা মরিচ রাখা এবং রান্নায় প্রয়োজনমতো শুকনো মরিচ ব্যবহার করাই হতে পারে সবচেয়ে স্বাস্থ্যকর অভ্যাস।
এসি//