রোহিঙ্গা ক্যাম্পে ট্রাম্পের বিশেষ দূত, প্রত্যাবাসনের দাবি রোহিঙ্গাদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন। এ সময় প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টা ৫৫ মিনিটে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সার্জিও গোর নেতৃত্বে ১১ সদস্যের উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলটি সরাসরি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন।
সেখানে তারা ৪ নম্বর ক্যাম্প, সম্প্রসারিত ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) এলাকা এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও রয়েছেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত হাসপাতাল এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত নিবন্ধন (রেজিস্ট্রেশন) কেন্দ্র ঘুরে দেখেন।
এ সময় সার্জিও গোর ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সহায়তা, ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিদর্শনের একপর্যায়ে প্রতিনিধি দলটি রোহিঙ্গা কমিউনিটির কয়েকজন নেতার সঙ্গে মতবিনিময় করেন। তারা মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে অনিশ্চয়তা, ক্যাম্পে দীর্ঘদিনের মানবিক সংকট, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিনে শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
আর/আই