সরকারের নতুন দায়িত্বে ফজলুর রহমান
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে আট সদস্যের একটি পুনর্গঠিত নির্বাহী কমিটি ঘোষণা করেছে সরকার। নতুন এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার ক্ষমতাবলে কমিটিটি পুনর্গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নবগঠিত এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এছাড়া সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
পদাধিকারবলে কমিটিতে আরও থাকছেন অর্থ সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নতুন এই কমিটি ট্রাস্টের বিধিমালা অনুসরণ করে কাজ করার পাশাপাশি ট্রাস্টি বোর্ডের সব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। একই সঙ্গে কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রমের তদারকি, নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, এর আওতাধীন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মনিটরিং এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও অডিটসংক্রান্ত দায়িত্বও পালন করবে এই নির্বাহী কমিটি।
আর/আই