আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী ও নাগরিক সমাজের সদস্যদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তার।
সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন সার্জিও গর। সেখানে শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, এই সফরের অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার পর বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ অগ্রাধিকার সম্পর্কে জানতে চায় ওয়াশিংটন।
সংশ্লিষ্টদের মতে, সফরের আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্কও গুরুত্ব পেতে পারে। পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সহযোগিতা, রাশিয়া ও তুরস্কের সঙ্গে সম্পর্কের অগ্রগতি এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের একাধিক উচ্চপর্যায়ের প্রতিনিধির বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় সার্জিও গরের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ ঢাকা সফর করেন।
সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেও উপস্থিত ছিলেন সার্জিও গর। সেখানে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গর ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার আগে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পি/ডি