হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি : সারজিস
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা করেছেন। তিনি বলেছেন, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে। এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে। কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, হামলায় কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। ক্যামেরা, ফোন সব ওই বিএনপির জি কে গউছের ছাত্রদল-যুবদলের সন্ত্রাসী বাহিনী নিয়ে গেছে। এনসিপির এক নেতার চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে।
তিনি বলেন, আহতদের নিয়ে যখন হাসপাতালে যাচ্ছিলেন তখন সদর হাসপাতালের সামনে চব্বিশের জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী ঢাকা মেডিকেলের গেটে আক্রমণ করছিল, ওইভাবে তাদেরও খুনি বাহিনী আক্রমণ করে। ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। তার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে। এরপর রড থেকে শুরু করে যত ধরনের লাঠিসোঁটা ছিল, সেগুলো দিয়ে হামলা করে।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় পুলিশ দাঁড়িয়েছিল। তারা হামলাকারিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
আই/এ