দেশজুড়ে

স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

ছবি: ধর্ষণের প্রতীকী ছবি

শরীয়তপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য ভুক্তভোগীর স্বামীকেও হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন রাব্বি (২৮), হজরত আলী খন্দকার (৪২) ও ইমন খন্দকার (২৬)।

গত সোমবার (২৭ জুলাই) রাতে নড়িয়া উপজেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গত সোমবার রাতে পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীর স্বামীকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাঁরা তাঁর হাত-পা গাছের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর জোর করে তাঁর মুঠোফোন থেকে স্ত্রীকে কল করে ওই স্থানে ডেকে আনা হয়।

পরে রাত সাড়ে ১১টার দিকে দুই ব্যক্তি ওই গৃহবধূকে ধর্ষণ করেন। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভোরের দিকে অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার জানান, ভোরের দিকে ধর্ষণের শিকারের অভিযোগে এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁর চিকিৎসা চলছে। পাশাপাশি, ঘটনার সত্যতা নিশ্চিত করতে তাঁর সোয়াব ও ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ওসি বাহার মিয়া জানান, ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে স্থানীয় একটি পক্ষের মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে। 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন