জাতীয়

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীনা দূতাবাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান্টন ফেয়ার) অংশগ্রহণের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংঝুতে তিনটি ধাপে এ মেলার সরাসরি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংঝুতে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী।  এতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে শুধু ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটি ভিসা আবেদনের প্রধান ও আবশ্যিক নথি হিসেবে বিবেচিত হবে।  তবে ভিসা-প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীরা চাইলে অনলাইন আবেদনের সঙ্গে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে আগের ভিসা, ভ্রমণ রেকর্ড এবং কম্পানির গ্যারান্টি লেটার জমা দিতে পারবেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে, অনলাইন ভিসা আবেদনপত্রে ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য থাকলে সেই আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজনে সংশোধনের জন্য আবেদন ফেরত পাঠানোও হতে পারে। তাই আবেদনকারীদের নিজ দায়িত্বে সব তথ্য সঠিক ও পূর্ণাঙ্গভাবে পূরণ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ভুয়া বা জাল আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা নকল নথি জমা দিলে শুধু বর্তমান আবেদনই বাতিল হবে না, ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত সেবা দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের অনুমোদিত সময় এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনকারীর তথ্য-উপাত্ত বিবেচনা করে নির্ধারণ করা হবে।

এ ছাড়া ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘ভেতরের যোগাযোগ’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক দাবির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীরা যোগাযোগ করতে পারবেন-

ই-মেইল

chinaemb_bd@mfa.gov.cn অথবা 

dhaka@csm.mfa.gov.cn

এ ছাড়া ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন :

(0088-02) 226603261

(কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)

 

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন