রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে খুব শিগগিরই জাতীয় সংসদের স্পিকারের সাক্ষাৎ চাওয়া হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে এ সংক্রান্ত বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে কমিশনের একটি আনুষ্ঠানিক বৈঠকের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য খুব দ্রুতই সময় চেয়ে স্পিকারের কাছে বার্তা পাঠানো হবে। স্পিকারের সাক্ষাতের পর তফসিল ঘোষণার পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করা হবে।
জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আজ সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবরা অনির্ধারিত বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।
আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এমএম নাসির উদ্দিন।
আই/এ