লাইট জ্বালিয়ে মায়ের চোখে পড়ল ছেলের গলাকাটা মরদেহ
নেত্রকোনা সদর উপজেলায় নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে পারে।
রোববার (২৬ জুলাই) ভোরে উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের দুআনি দুধকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহফুল মিয়া ওরফে মাসুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন মাহফুল। রোববার ভোর ৫টার দিকে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে লাইট জ্বালিয়ে বিছানায় ছেলের রক্তাক্ত ও গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রাতে ঘুমন্ত অবস্থায় মাহফুলকে গলাকেটে হত্যা করেছে।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএ//