ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে।
শনিবার (২৫ জুলাই) সকালে ঘটিত দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ মোট তিনজন প্রাণ হারিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
নিহতরা হলেন—মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা এবং একই প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা, তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই। এ ছাড়া অন্য মোটরসাইকেলের আরোহী সৈয়দ নাইমুল হক সাভারের পল্লী বিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় একটি বাস নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে থাকা দুটি মোটরসাইকেলকে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
এ ঘটনায় অন্য মোটরসাইকেলের আরোহী সৈয়দ নাইমুল হককে (৩০) গুরুতর আহত অবস্থায় সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়।
ওসি সওগাতুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আর/আই