খেলাধুলা

আর্জেন্টিনার ৩০ কোটি ডলার অর্থ পাচার তদন্তে এফবিআই

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দল দেশের বিমান ধরার প্রস্তুতি নেওয়ার সময় নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও চিকি তাপিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ৩০ কোটি ডলারেরও বেশি আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), যার জেরে তাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ে-এর প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপ অভিযান শেষে বুয়েন্স আইরেসে রওনা দেওয়ার সময় বিমানবন্দরে এএফএ সভাপতি তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে বিশাল অঙ্কের স্পন্সরশিপের অর্থপাচারের অভিযোগে তাদের প্রায় আধঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

শুধু তাই নয়, তদন্তের স্বার্থে তাপিয়ার মোবাইল ফোন জব্দ করার পাশাপাশি তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক রাখার কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে

এদিকে এই সমস্ত অভিযোগ শুরু থেকেই জোরালোভাবে অস্বীকার করে আসছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এএফএ দাবি করে যে, ক্লদিও তাপিয়া কিংবা পাবলো তোভিগিনোকে মার্কিন কোনো আদালত সাক্ষ্য দেওয়ার জন্য কোনো নির্দেশনা পাঠায়নি এবং তারা সরাসরি এই তদন্তের আওতাভুক্তও নন।

তবে সংস্থাটি একটি বিষয় স্বীকার করেছে যে, মার্কিন গ্র্যান্ড জুরির সামনে হাজিরা দেওয়ার জন্য তৃতীয় পক্ষের এক ব্যক্তিকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি এএফএর বেশ কিছু কর্মকর্তার তথ্য দিতে পারেন, যদিও তার নাম প্রকাশ করা হয়নি

গণমাধ্যমের তথ্যমতে, এএফএর সঙ্গে সম্পৃক্ত ৩০ কোটি ডলারের বেশি মূল্যের বেশ কিছু বাণিজ্যিক চুক্তি ও অর্থ স্থানান্তর প্রক্রিয়া বর্তমানে মার্কিন তদন্তকারীদের নজরে রয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে সম্পন্ন হওয়া এসব লেনদেনের আড়ালে কোনো ধরনের মানিলন্ডারিং বা আর্থিক অনিয়ম হয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছেন মার্কিন নীতিনির্ধারকরা

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন