বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি!
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, এ সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
এর আগে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দুপুরে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবারই পদত্যাগ করতে পারেন।
একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গেল মঙ্গলবারই তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এরই মধ্যে বঙ্গভবনের সূত্রের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি নিজের বিদায়ের প্রস্তুতি নিয়ে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এর মধ্যেই স্পিকারের নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে জল্পনাকে আরও উসকে দিয়েছে।
তবে শুক্রবার সাড়ে চারটা বিকেল পর্যন্ত রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সংসদের নির্ধারিত সংবাদ সম্মেলন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।
এমএ//