দেশজুড়ে

নিখোঁজের কয়েক ঘণ্টা পর ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ছবি: ফাইল ছবি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক বৃদ্ধার মরদেহ বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের কাজীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তহুরা বেগমের (৬৫) ইসমাইল হোসেনের স্ত্রী। তারা ওই গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে তহুরা বেগম বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবায় তার ব্যবহৃত ওড়না ও জুতা ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ডোবায় তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে ইমরান হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন। নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও স্থানীয়দের নিয়ে খোঁজ শুরু করা হয়। পরে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, ডোবা থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন