সরকার আশ্বাস দিলে অনশন ভেঙে আন্দোলন স্থগিতের আহ্বান জানাব: সোনম ওয়াংচুক
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে চলমান অনশন শেষ করতে প্রস্তুতির কথা জানিয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। তবে তিনি বলেছেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না—সরকারকে আগে সেই নিশ্চয়তা দিতে হবে।
বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে পাঠানো এক চিঠিতে ওয়াংচুক জানান, সরকার যদি আনুষ্ঠানিকভাবে এমন আশ্বাস দেয়, তাহলে তিনি অনশন ভাঙবেন এবং শিক্ষার্থী ও আন্দোলনকারীদেরও কর্মসূচি স্থগিতের আহ্বান জানাবেন।
চিঠিতে তিনি বলেন, আন্দোলনকারী তরুণরা কেবল স্বচ্ছ, ন্যায়সংগত ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে নিট প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা।
হাসপাতালে এসে তার সঙ্গে সাক্ষাৎ করায় দুই কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওয়াংচুক বলেন, তারা উত্থাপিত দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। এসব দাবির মধ্যে রয়েছে প্রশ্নফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুরো ঘটনার বিষয়ে সংসদে আলোচনা।
২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির প্রসঙ্গ টেনে ওয়াংচুক অভিযোগ করেন, পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের পরও আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছিলেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো মামলা, হয়রানি বা প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া না হয়।
তিনি আরও বলেন, সরকার যদি এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়, তাহলে তিনি মনে করবেন যে শুধু তার আহ্বানই নয়, দেশের তরুণদের উদ্বেগও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এরপরই তিনি অনশন শেষ করবেন।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে সোনম ওয়াংচুকের অনশন বুধবার ২৫তম দিনে গড়িয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএ//