আন্তর্জাতিক

লারাক দ্বীপে মার্কিন হামলার দাবি ইরানের, পরমাণু ইস্যুতে কঠোর বার্তা তেহরানের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির লারাক দ্বীপে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। একই সঙ্গে দেশটির সম্ভাব্য পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

মঙ্গলবার (২২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে লারাক দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হামলার লক্ষ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সম্প্রতি ট্রাম্প ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ বা ‘কোলাং কুহ’ নামে পরিচিত একটি সন্দেহজনক ইরানি পারমাণবিক স্থাপনায় দ্রুত ও শক্তিশালী হামলার হুমকি দেন। এ মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাঘাই বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হুমকি ও হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট সিদ্ধান্তের পরিপন্থী।

তিনি দাবি করেন, ইরানের সব পারমাণবিক কার্যক্রম আইএইএর তত্ত্বাবধান ও নিরাপত্তা বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে। 

তিনি বলেন, যেখানে কোনো পারমাণবিক কার্যক্রম নেই, সেই কোলাং কুহকে ঘিরে ওয়াশিংটনের অভিযোগ নতুন করে আগ্রাসন ও নাশকতার পরিবেশ তৈরির প্রচেষ্টা।

আইএইএর মহাপরিচালকের ভূমিকাও সমালোচনা করে বাঘাই বলেন, ইরানের জনগণ দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন