জাতীয়

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১৪ হাজার ৪১ কোটি টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো— সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) (প্রথম সংশোধন), বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের (তৃতীয় সংশোধন), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় সংশোধন) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের (তৃতীয় সংশোধন) অনুমোদন দেওয়া হয়েছে।

একই মন্ত্রণালয়ের আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্পও অনুমোদন পেয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধন) প্রকল্পেও সম্মতি দিয়েছে একনেক।

সভায় আরও জানানো হয়, পরিকল্পনা মন্ত্রীর অনুমোদনে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১১টি প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, বিভিন্ন মহাসড়ক উন্নয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ, পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন এবং বিটাকের ছয়টি কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ।

অনুমোদিত আটটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা ব্যয় করা হবে এবং প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন