খেলাধুলা

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসিদের কথোপকথন প্রকাশ করল আর্জেন্টাইন গণমাধ্যম

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট ভিডিও ঘিরে শুরু হয়েছিল ব্যাপক আলোচনা। ভিডিওটিতে ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে সতীর্থদের উদ্দেশে অধিনায়ক লিওনেল মেসিকে বলতে শোনা যায়, “সবকিছু ভুলে যাও।” এই একটি বাক্যকে কেন্দ্র করে তৈরি হয় নানা জল্পনা-কল্পনা, অনেকে এর ভেতরে খুঁজতে থাকেন ভিন্ন কোনো ইঙ্গিত। তবে সম্প্রতি সেই মুহূর্তের পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশিত হওয়ার পর স্পষ্ট হয়েছে, মেসির বার্তাটি ছিল সতীর্থদের শান্ত রাখা, চাপমুক্ত করা এবং শুধুই খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান। ফলে এতদিনের বিতর্কের জায়গায় এখন আলোচনায় উঠে এসেছে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়কের প্রকৃত অনুপ্রেরণামূলক বার্তা।

স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার সময় সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, “চলো ছেলেরা, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। শুধু খেলাটার কথাই ভাবো। সবকিছু ভুলে যাও। অন্য কিছু নিয়ে ভাববে না। শুধু মাঠে নেমে নিজের খেলাটা খেলো।”

মেসির বক্তব্যের পর মাঠে যাওয়ার পথে খেলোয়াড়দের মধ্যেও কৌশল নিয়ে আলোচনা চলতে থাকে।

গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরোকে সতর্ক করে বলেন, “তুমি যদি বাইরে চলে যাও, তখন ওরা দুজন মিলে চাপ দেবে। বিশেষ করে লামিন ইয়ামালকে সামলাতে হবে। ভেতরে যে পাসটা দেবে, সেটার দিকেও খেয়াল রেখো।”

এরপর লিসান্দ্রো মার্তিনেজ দিবুকে বলেন, “ওরা যখন কাট-ইন করবে, তখন সতর্ক থাকতে হবে। ওরা প্রায়ই পায়ের বাইরের অংশ ব্যবহার করে জায়গা তৈরি করার চেষ্টা করে।”

পরে তিনি নিচু স্বরে নিকোলাস তাগলিয়াফিকোকেও উৎসাহ দিয়ে বলেন, “চলো নিকো, ওকে পুরো ম্যাচে আটকে রাখবে। দিবু, আত্মবিশ্বাস ধরে রাখো। প্রতিটি বল ধরার চেষ্টা করবে।”

এ সময় সামনে হাঁটতে থাকা মেসি ঘুরে ডিফেন্ডারদের উদ্দেশে বলেন, “তোমরা সামনে গেলে লিয়ান্দ্রো পারেদেস আর এনজো ফার্নান্দেজকে বলে দিও, যেন তারা অযথা বেশি ওপরে উঠে না যায়।”

নিজের সেরাটা দিলেও দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেননি মার্টিনেস

মাঠে প্রবেশের ঠিক আগে রোমেরো দিবুকে বলেন, “আজ তোমার দিন।” জবাবে দিবু আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আজ আমার দিন। আজকের দিনটা ইতিহাস হয়ে থাকবে।”

এরপর আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা দীর্ঘ করিডোর পেরিয়ে স্পেনের খেলোয়াড়দের সারির সামনে পৌঁছান। উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে দুই দলের ফুটবলাররা সৌহার্দ্যপূর্ণভাবে একে অপরকে শুভেচ্ছা জানান। তবে মাঠে খেলা শুরু হওয়ার পর লড়াই ছিল তীব্র, আর ম্যাচ শেষে পরাজয়ের হতাশাও সঙ্গী হয় আর্জেন্টিনার।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং তা ঘিরে তৈরি হওয়া নানা আলোচনা সম্পর্কে জানতে চাইলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি।

নিজ শহর পুজাতোতে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এ নিয়ে কিছুই জানি না। আপনি কী বলছেন, সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই।”

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা একটি পতাকা দেখা যাওয়ায় যে বিতর্ক তৈরি হয়েছিল, সে বিষয়েও কথা বলেন স্কালোনি।

তিনি জানান, “এ বিষয়ে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না। আমাদের কিছুই জানানো হয়নি। আপনাদের মতো আমিও পরে পতাকাটি দেখেছি।”

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন