আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
রাজধানীর পুরোনো গ্যাস লাইন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের কারণে আজ মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি, ঢাকা এলাকায় লিকেজযু্ক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার দু্পুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা এ সময় গ্যাস সুবিধা পাবেন না।
এছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমএ//