২০৩০ বিশ্বকাপ কেন হবে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর?
বিশ্বকাপ মানেই নতুন ইতিহাসের জন্ম। তবে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ইতিহাসের অংশ হয়ে গেছে। কারণ, ফুটবলের সবচেয়ে বড় এই আসর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ছয়টি দেশ ও তিনটি মহাদেশজুড়ে। একই সঙ্গে এটি হবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তির বিশেষ আয়োজন।
শতবর্ষের বিশ্বকাপ কবে?
ফিফার প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ৯ জুন। এই তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
এরপর মূল আয়োজক দেশ মরক্কো, পর্তুগাল ও স্পেনে ১৩ ও ১৪ জুন উদ্বোধনী অনুষ্ঠান এবং বাকি ম্যাচগুলো শুরু হবে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২১ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। যদিও পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করেনি ফিফা।

কোথায় হবে ২০৩০ বিশ্বকাপ?
মূল আয়োজনের দায়িত্বে রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে একটি করে উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে।
ফিফার ব্যাখ্যা অনুযায়ী, ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। সেই ঐতিহাসিক অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটিকে একটি ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়া হয়েছে।
একইভাবে প্রথম বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনাও পাচ্ছে একটি ম্যাচ। আর দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সদর দপ্তর প্যারাগুয়েতে হওয়ায় দেশটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে।
ফলে ২০৩০ বিশ্বকাপই হবে পুরুষদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম আসর, যা অনুষ্ঠিত হবে ছয়টি দেশ ও তিনটি মহাদেশে।
কারা ইতোমধ্যে নিশ্চিত করেছে বিশ্বকাপ?
আয়োজক হওয়ায় ছয়টি দেশ সরাসরি ২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।
দেশগুলো হলো—স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
বাকি ৪২টি দল মহাদেশভিত্তিক বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।
সূচিতে বিশেষ সুবিধা
দক্ষিণ আমেরিকায় শতবর্ষের উদ্বোধনী ম্যাচ খেলবে যে দলগুলো, তাদের অতিরিক্ত ভ্রমণ ও বিশ্রামের সুযোগ দেওয়া হবে।
৮ ও ৯ জুন শতবর্ষের ম্যাচ শেষে ১৩ ও ১৪ জুন শুরু হবে মূল আয়োজন।

উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের গ্রুপের বাকি দলগুলো নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৫ ও ১৬ জুন। ওই গ্রুপগুলোর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হবে ২১ ও ২২ জুন।
তবে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি ফিফা।
৪৮ দলই থাকছে, নাকি হবে ৬৪?
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দলের ফরম্যাট চালু হয়। আপাতত ২০৩০ বিশ্বকাপও একই কাঠামোয় হওয়ার কথা।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপে ৬৪টি দল অংশ নেওয়ার একটি প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সুইস গণমাধ্যম ব্লুউইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ৪৮ দলের বিশ্বকাপ বড় সফলতা পেয়েছে। এতে আরও বেশি দেশ সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে এবং বিশ্বজুড়ে ফুটবলের বিস্তার ঘটেছে।
২০২৬ বিশ্বকাপে তুলনামূলক ছোট ফুটবল শক্তিগুলোর পারফরম্যান্সের উদাহরণ টেনে তিনি বলেন, বেশি দেশের অংশগ্রহণ খেলাটির জন্য ইতিবাচক। তবে ৬৪ দলের বিশ্বকাপ হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবটি আলোচনা ও পর্যালোচনার মধ্যেই রয়েছে।
বিশ্বকাপের শুরুটা যেভাবে
বিশ্বকাপের জন্ম হয়েছিল অলিম্পিক ফুটবলের জনপ্রিয়তা থেকে।
১৯২৪ ও ১৯২৮ অলিম্পিকে টানা দুটি স্বর্ণপদক জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে উরুগুয়ে। সে সময় অলিম্পিক ফুটবল পরিচালনা করত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এরপর জাতীয় দলগুলোর জন্য আলাদা টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা।
১৯২৪ সালের প্যারিস অলিম্পিকের ফাইনালে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। চার বছর পর আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা।
এই সাফল্য ফিফাকে আলাদা বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তোলে।

১৯২৮ সালের মে মাসে প্রথম বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। আয়োজক নির্বাচিত হয় উরুগুয়ে, কারণ তারা ছিল টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং ১৯৩০ সালে দেশটির স্বাধীনতার শতবর্ষও পূর্ণ হচ্ছিল।
১৯৩০ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৩টি দল। ইউরোপের কয়েকটি দল জাহাজে করে উরুগুয়ে যায়। মন্টেভিডিওর এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
সেই ১৩ দলের বিশ্বকাপ আজ ৪৮ দলের বিশাল আসরে পরিণত হয়েছে। আর ২০৩০ সালের আসর হবে শতবর্ষের বিশ্বকাপ।
এরপর কোথায়?
২০৩০ সালের পর পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০৩৪ সালে।

ফিফা ইতোমধ্যে সৌদি আরবকে ওই আসরের আয়োজক হিসেবে নিশ্চিত করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে একমাত্র বিডকারী দেশ হিসেবে স্বাগতিক হওয়ার অনুমোদন পায় তারা।
২০৩০ সালের মতো ছয়টি দেশে নয়, ২০৩৪ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে একটি দেশেই। তবে টুর্নামেন্টের সূচি ও ম্যাচের সময়সূচি এখনো ঘোষণা করেনি ফিফা।
এসি//