জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তাদের উচিত জনগণের সামনে সেই রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরা।
রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই : প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মতভেদ থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদমূলক বক্তব্য কেবল স্বৈরাচারের ফিরে আসার পথই প্রশস্ত করবে। আমরা আর কখনো চাই না গণতন্ত্রের জন্য এ দেশের মানুষকে রক্ত দিক। এ কারণে সংসদীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, অতীতে নিম্ন ও উচ্চ আদালতের কিছু বিচারক রাজনৈতিক বিবেচনায় দায়িত্ব পালন করেছেন। তাদের কেউ কেউ ‘রাতের ভোটের’ নির্বাচনকে বৈধতা দিতে ভূমিকা রেখেছেন। আবার জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর নির্যাতনের ঘটনায়ও কেউ কেউ ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা ওয়াকআউট করেছে। অথচ জাতীয় স্বার্থে ঐকমত্যের ভিত্তিতে একটি টেকসই সাংবিধানিক সংস্কার প্রয়োজন।
আই/এ