ফুটবল

ফন্টেইন-মুলারদের এলিট ক্লাবে এমবাপে, ভাঙলেন মেসির রেকর্ডও

২০২৬ বিশ্বকাপের আগে টানা এক যুগ ধরে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলের কীর্তিটি নিজের দখলে রেখেছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। তবে এবারের আসরে সেই রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন আধুনিক ফুটবলের মহাতারকারা। লিওনেল মেসির ফাইনাল ম্যাচটি এখনও বাকি থাকায় এই লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তবে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টাইন জাদুকরকে টপকে বিশ্বমঞ্চের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়েও সবার ওপরে চলে গেছেন কিলিয়ান এমবাপ্পে।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে মায়ামি স্টেডিয়ামে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি ছিল মূলত সান্ত্বনার লড়াই। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার হতাশা নিয়েই মাঠে নেমেছিল দুই দল। তবে বুকায়ো সাকার দুর্দান্ত হ্যাটট্রিকে ফরাসিদের ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থানটি নিজেদের করে নেয় ইংলিশরা

ম্যাচ হারলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন এমবাপ্পে। খেলার ৪৮ ও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে জোড়া গোল করেন তিনি। আর এই জোড়া গোলের সুবাদেই মেসিকে (৩৩ ম্যাচে ২১ গোল) পেছনে ফেলে মাত্র ২২ ম্যাচে ২২ গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন এই ফরাসি ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপে মেসির গোল ৮টি এবং অ্যাসিস্ট ৪টি। অ্যাসিস্টের দিক থেকে লিওনেল মেসি এগিয়ে থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পের ওপর চাপ ছিল

মেসির সামনে ফাইনাল ম্যাচ বাকি থাকলেও ফরাসি তারকার ফর্মের কারণে তিনি নিশ্চিন্তে থাকতে পারছিলেন না। ফলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে মেসির চোখও ছিল ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচের দিকে। অ্যাসিস্টের দিক থেকে পিছিয়ে থাকা এমবাপ্পে এই ম্যাচে মেসির সমান ৪টি অ্যাসিস্টের কীর্তি ছোঁয়ার পাশাপাশি আসরে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ১০-এ। এর মাধ্যমে বিশ্বের মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের একক কোনো আসরে ন্যূনতম ১০ গোল করার বিরল মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের অবিশ্বাস্য রেকর্ডটি রয়েছে ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইনের দখলে (১৯৫৮ আসরে)। এছাড়া হাঙ্গেরির স্যান্ডর কোচসিচ ১৯৫৪ সালে ১১ গোল এবং জার্মান কিংবদন্তি গার্ড মুলার ১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করেছিলেন। এবার সেই এলিট তালিকায় জায়গা করে নিলেন কিলিয়ান এমবাপ্পেও

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন