শিল্প-সাহিত্য

নজরুল চর্চা ছড়িয়ে দিতে নির্মিত হচ্ছে ‘নজরুল ভিলেজ-ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল আমাদের গর্বের প্রতীক নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার। কবির রণসঙ্গীত ‘চল চল চল’ বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও ইরানসহ বিশ্বের প্রায় ১১টি দেশে পরিবেশিত হয়।

আজ শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ স্থাপনের ফলে নজরুল গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে। প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে এনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করানোর আশ্বাস দেন তিনি। এ সময় মন্ত্রী জাতীয় কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয় এবং ‘নজরুল ভিলেজ’ প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন ভূমিমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লক্ষ টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণের জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রস্তাবিত এই স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হবে না, এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যেকোনো সাংস্কৃতিক দল বা গোষ্ঠী এখানে এসে নজরুলের নাটক, পালাগান ও সাহিত্যের বিভিন্ন শাখার চর্চা করতে পারবেন।

নজরুল চর্চাকে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে ইতোমধ্যে একটি ‘নজরুল ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে, যা অনুযায়ী বছরজুড়ে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী মাসের নির্ধারিত অনুষ্ঠানগুলো যাতে এই প্রাঙ্গণেই করা যায়, সেজন্য আপাতত ‘নজরুল মঞ্চ’-এর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত জাতীয় কবির সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’ নির্মাণের এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন