স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
পাঁচ সপ্তাহের দীর্ঘ লড়াই শেষে বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচের সময় এসে গেছে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন।
স্পেন ১৬ বছর পর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। অন্যদিকে, টানা দুটি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চায় আর্জেন্টিনা। ফাইনালের আগে গুরুত্বপূর্ণ ১০টি বিষয় এক নজরে—
১. দেজা ভু: দুই দশক পর আবারও দেখা হলো মেসি ও ইয়ামালের
আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় আসে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের সেই বহুল আলোচিত ছবি। যেখানে দেখা যায়, তরুণ মেসি কোলে নিয়ে গোসল করিয়ে দিচ্ছেন শিশু ইয়ামালকে। প্রথমে অনেকেই ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি বলে মনে করলেও, এটি বাস্তব। ছবিটি তোলা হয়েছিল ২০০৭ সালে।

বার্সেলোনার সাবেক মাঠ ক্যাম্প ন্যুতে ইউনিসেফের একটি তহবিল সংগ্রহ কার্যক্রমের ফটোশুটে ২০ বছর বয়সী মেসির সঙ্গে প্রথম দেখা হয় মাত্র পাঁচ মাস বয়সী ইয়ামালের। সে সময় ইয়ামাল তার মা শীলা এবানার সঙ্গে সেখানে উপস্থিত ছিল।
প্রায় দুই দশক পর সেই দুই প্রজন্মের দুই তারকা এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হচ্ছেন। একসময় কোলে থাকা শিশুই এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তরুণ, আর তার বিপরীতে আছেন কিংবদন্তি মেসি।
ছবিটির আলোকচিত্রী জোয়ান মনফোর্ট বিবিসি স্পোর্টকে বলেন, ‘এটি সত্যিই এক অলৌকিক ঘটনা।’
২. ডোনাল্ড ট্রাম্প কি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন?
বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, টুর্নামেন্টে এটিই হবে তার প্রথম উপস্থিতি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন তিনি।
এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফির পাশাপাশি আমেরিকান ক্রীড়ার আদলে একটি চ্যাম্পিয়নশিপ রিংও দেওয়া হবে।

যদিও ৪৮ দলের এই বিশ্বকাপের কোনো ম্যাচে ট্রাম্প আগে উপস্থিত ছিলেন না, তবু টুর্নামেন্ট চলাকালে তিনি একটি বিতর্কের কেন্দ্রেও ছিলেন। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে দেখানো লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর কাছে অনুরোধ করেছিলেন।
পরে ফিফা বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে, ফলে তিনি কোয়ার্টার ফাইনালে মাঠে নামার সুযোগ পান। তবে সেই ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। অনেকের মতে, ঘটনাটি খেলাধুলায় রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
৩. ফাইনালেও ‘কাবালা’ ভাঙছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট
বিশ্বকাপ ফাইনালে সাধারণত দুই দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকেন। তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে নিউ জার্সিতে যাচ্ছেন না।
কেন? কুসংস্কারের কারণে।

তার বিশ্বাস, বাসভবনে বসে টেলিভিশনে ম্যাচ দেখাই সৌভাগ্য বয়ে আনে। টুর্নামেন্টের আগের সাতটি ম্যাচও তিনি একইভাবে দেখেছেন। এমনকি প্রতিবারের মতো একই জ্যাকেটও পরবেন।
লাতিন আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনায়, ‘কাবালা’ নামে পরিচিত সৌভাগ্যের নানা বিশ্বাস ও রীতি এখনো ব্যাপকভাবে প্রচলিত। জাতীয় দলকে ঘিরে মানুষের আবেগের সঙ্গে এসব বিশ্বাস ওতপ্রোতভাবে জড়িত।
৪. বিশ্বকাপ ফাইনালের আগে দাবানলের ধোঁয়ায় ছিল নিউইয়র্ক
কানাডার দাবানলের ধোঁয়ায় সপ্তাহজুড়ে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের আকাশ ঢেকে যায়। স্বাস্থ্য সতর্কতাও জারি করা হয়। তবে আবহাওয়াবিদদের আশা, সপ্তাহান্তে শীতল বায়ুপ্রবাহের কারণে পরিস্থিতির উন্নতি হবে।
খোলা আকাশের নিচে অবস্থিত নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল দেখতে প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। এছাড়া নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বড় পর্দায় ম্যাচ দেখার জন্য আরও প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে।

৫. যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দামি ক্রীড়া ইভেন্ট
টিকিট বিক্রয়সংক্রান্ত প্রতিষ্ঠান টিকিটডটাডটকমের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট ছিল ৭ হাজার ৫৯৫ মার্কিন ডলার।
অন্যদিকে টিকপিকের তথ্য বলছে, গড় টিকিট মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার। এটি যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টে পরিণত হয়েছে। সুপার বোল ও এনবিএ ফাইনালের টিকিটের গড় মূল্যও এবার ছাড়িয়ে গেছে বিশ্বকাপ ফাইনাল।
৬. প্রথমবার বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো
এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের ফাইনালে সুপার বোলের আদলে হাফটাইম শোর আয়োজন করা হচ্ছে। হাফটাইম শোতে মাদোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, বার্না বয়, কোল্ডপ্লে-সহ বিশ্বের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী পারফর্ম করবেন। আয়োজকদের প্রত্যাশা, তাদের পরিবেশনার সঙ্গে আতশবাজির ঝলকে আলোকিত হয়ে উঠবে নিউইয়র্কের আকাশ।

এই পরিবেশনা প্রায় ১১ মিনিট স্থায়ী হতে পারে। এ কারণে মধ্যবিরতির সময় সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। এছাড়া ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন, যেখানে টম ক্রুজ, রবি উইলিয়ামস এবং নিকোল শেরজিঙ্গারের অংশ নেওয়ার কথা রয়েছে।
৭. রেকর্ড পরিমাণ পুরস্কার অর্থ
এবারের বিশ্বকাপে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার অর্থ ঘোষণা করেছে ফিফা। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় যা ৫০ শতাংশ বেশি। পরে এই অর্থ আরও বাড়ানো হয়। ফিফার ধারণা, ২০২৩ থেকে ২০২৬ সালের চার বছরের চক্রে সংস্থাটির আয় ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
আগের ঘোষণায় জানানো হয়েছিল, চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার এবং রানার্সআপ পাবে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এছাড়া মূল পর্বে খেলা প্রতিটি দেশ প্রস্তুতি ব্যয় হিসেবে ১৫ লাখ মার্কিন ডলার পাবে।

৮. বিশেষ লুই ভুইতঁ ট্রাঙ্কে আসবে বিশ্বকাপ ট্রফি
গত চারটি বিশ্বকাপ ফাইনালের মতো এবারও বিশ্বকাপ ট্রফি স্টেডিয়ামে আনা হবে ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতঁর তৈরি বিশেষ ট্রাঙ্কে। বিশেষভাবে তৈরি এই ট্রাঙ্কের সামনে সোনালি রঙের ‘ভি’ অক্ষর ব্যবহার করা হয়েছে, যা একদিকে ‘ভিক্টরি’ (জয়), অন্যদিকে ‘ভুইতঁ-এর প্রতীক। এতে ব্র্যান্ডটির পরিচিত মনোগ্রাম নকশা এবং সোনালি প্রলেপ দেওয়া ধাতব কোণও রয়েছে।
৯. ব্যক্তিগত পুরস্কারের লড়াইও জমজমাট
বিশ্বকাপ ট্রফির পাশাপাশি এবারও দেওয়া হবে পাঁচটি ব্যক্তিগত পুরস্কার। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ গোলদাতার জন্য গোল্ডেন বুট এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের জন্য গোল্ডেন বল। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যিনি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন।

গত বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। এবার প্রথমবার এই পুরস্কার জয়ের লক্ষ্য মেসির। এ ছাড়া গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ খেলোয়াড় এবং ফেয়ার প্লে পুরস্কারও দেওয়া হবে।
১০. শিরোপা লড়াই পরিচালনায় যে রেফারিরা
বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ। তাকে সহায়তা করবেন তারই দেশের টোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি মোহাম্মদ আলকালাফ।