খেলাধুলা

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল, কার পক্ষে থাকবে স্কালোনির স্প্যানিশ পরিবার?

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠের বাইরে, খেলোয়াড়দের পরিবারেও। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন, তখন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিবারের একাংশও পড়েছে অদ্ভুত এক আবেগের টানাপোড়েনে। কারণ, তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের জন্ম স্পেনে।

ফাইনালের আগের সংবাদ সম্মেলনের আগে মিক্সড জোনে স্কালোনি জানান, স্ত্রী ও সন্তানরা এবারও আর্জেন্টিনার পাশেই থাকবে।

তার মন্তব্য, ‘আমার স্ত্রী ও সন্তানরা অবশ্যই আমাদের সমর্থন করবে। আমার স্ত্রী স্প্যানিশ হলেও সে জানে আমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই ম্যাচ আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার ছেলেরাও বিষয়টি খুব ভালোভাবে বোঝে।’

স্কালোনির সঙ্গে স্ত্রী এলিসা মন্তেরোর পরিচয় ২০০৮ সালে স্পেনের মায়োর্কায়। সে সময় ইতালির লাজিও থেকে ধারে মায়োর্কা ক্লাবে খেলতে গিয়েছিলেন তিনি। পরে সেখানেই গড়ে ওঠে তাদের সংসার। তাদের দুই ছেলে—ইয়ান ও নোয়া—যথাক্রমে ২০১২ ও ২০১৬ সালে মায়োর্কাতেই জন্মগ্রহণ করে। জন্মসূত্রে তারা স্প্যানিশ হলেও বাবার পথ ধরেই আর্জেন্টিনার সমর্থকে পরিণত হয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের উৎসবেও বাবার সঙ্গে মাঠে উদযাপন করতে দেখা গেছে ইয়ান ও নোয়াকে। তাই এবারও তাদের সমর্থন থাকবে আকাশি-সাদা জার্সিধারীদের পক্ষেই।

তবে স্কালোনি স্বীকার করেছেন, মায়োর্কায় থাকা স্ত্রীর আত্মীয়স্বজনের জন্য ম্যাচটি সহজ হবে না।

তার মন্তব্য, ‘মায়োর্কায় তাদের পরিবার রয়েছে। স্বাভাবিকভাবেই তারা দ্বিধায় থাকবে। তাদের জন্য এটি কঠিন একটি পরিস্থিতি। আমি সেটা বুঝতে পারছি। তবে শেষ পর্যন্ত যাই হোক, তারা খুশি থাকবে।’

স্ত্রীর পরিবারের অনেকেই স্পেনের সমর্থক। তারা নিশ্চয়ই চাইবেন লা রোখা বিশ্বকাপের শিরোপা জিতুক।

তবে স্কালোনির বিশ্বাস, যদি আর্জেন্টিনা কাঙ্ক্ষিত ফল না-ও পায়, তবু অন্তত পরিবারের একটি অংশের মুখে হাসি দেখতে পারলে সেটাই হবে তার জন্য কিছুটা স্বস্তির কারণ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন