দেশজুড়ে

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের তানভীর এবং একই গ্রামের আবিদুল লস্কর (৩২)।

আহত দুইজন হলেন চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং গোছাপাড়া গ্রামের মিজান মিয়া (২৭)।  

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা তিনটি মোটরসাইকেল জলসুখা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুই জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।     

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন