৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিনটি কোম্পানিকে তাদের তিনটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সংস্থাটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিএফএসএ এর নির্দেশনা অনুযায়ী, তিনটি কোম্পানির মধ্যে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে হবে। এছাড়া, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ তুলে নিতে বলা হয়েছে। এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডকে ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফএসএ জানায়, শুধু বাজার থেকে পণ্য তুলে নেওয়াই নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসব পণ্যের উৎপাদন ও বিপণনও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে উল্লিখিত তিনটি খাদ্যপণ্য কেনা বা খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পি/ডি