একজন মুসলমান সরকারের থেকে যে সুযোগ পাবে, সনাতন ধর্মাবলম্বীরাও সেই সুযোগ পাবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশে একজন মুসলমান মানুষ সরকারের কাছ থেকে যে সুযোগ-সুবিধা পাবেন, ঠিক তদ্রূপ সুযোগ-সুবিধা সনাতন ধর্মাবলম্বীরাও পাবেন। একই সঙ্গে তিনি সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক জীবনের সব সমস্যা সমাধানে সরকার চেষ্টা করবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার অসাম্প্রদায়িক সরকার। আমরা সব ধর্মকে সম্মান করি, সব ধর্মের মানুষকে ধারণ করি। ধর্ম যার যার, বাংলাদেশ সবার- এই স্লোগানকে সামনে রেখে সরকার আগামীতে এগিয়ে যাবে।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম সহ বিএনপির নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বীরা নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
পরে চানপাড়া মন্দির থেকে একটি রথযাত্রা বের করা হয়।
আই/এ