জাতীয়

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান প্রত্যাহার, নতুন কর্মসূচি ঘোষণা

আগামীকাল ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত না হলে পরীক্ষা শেষে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে বিকেলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সরে গিয়ে শিক্ষার্থীরা আড়ংয়ের সামনে অবস্থান নিলে সেখানেও পুলিশ ধাওয়া দেয়।

 রাত ৮টার পর আবারও শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ সময় বিহঙ্গ পরিবহণের একটি বাস ভাংচুরের ঘটনাও ঘটে।

এ সময় শিক্ষার্থীরা কে বাস ভেঙেছে তাকেও ক্ষুব্ধ হয়ে খুঁজতে থাকে। তারা জানান এ ঘটনার সাথে তারা কোনভাবেই যুক্ত নয়।

এর আগে তিন দফা দাবিতে দিনভর ঢাবি, সায়েন্সল্যাব এলাকায় আন্দোলন করেন শিক্ষার্থীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন