গাজার পুলিশ স্টেশনে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৭
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি পুলিশ স্টেশনে ইসরাইলি ড্রোন হামলায় অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্টেশনটির পরিচালক, উপপরিচালক এবং আরও পাঁচজন কর্মকর্তা রয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, একটি শরণার্থী শিবিরের ব্যস্ত বাজারসংলগ্ন পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিলেন।
গাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় এটিই প্রথম হামলা নয়। এর আগেও বিভিন্ন সময়ে পুলিশ সদর দপ্তর ও অন্যান্য নিরাপত্তা স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
পর্যবেক্ষকদের মতে, এ ধরনের হামলার কারণে যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রশাসনিক কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গেল বছরের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। সংস্থাটির দাবি, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েল ৩ হাজার ৬৮৯টি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।
এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ১২২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৫৯৯ জন আহত হয়েছেন।
সংস্থাটির অভিযোগ, যুদ্ধবিরতি বলবৎ থাকলেও ইসরাইল নিয়মিত বিমান হামলা, গোলাবর্ষণ ও অন্যান্য সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এর ফলে বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বাড়ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি সমঝোতার ভিত্তিতে ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর থেকেই উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
এমএ//