শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বন্যা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ৩ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা ২১ মিনিট থেকে ২টা ৪২ মিনিট পর্যন্ত মহাসড়কের নগরজালফৈ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা সদর সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলায়, শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগসহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।
পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়ে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
ইউএনও শাহীন মিয়া বলেন, অবরোধের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছেন। তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে দিতে বলেছেন। মহাসড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
আই/এ