বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে বৃদ্ধা গ্রেপ্তার
বিচারক এজলাসে বসার আগেই তার আসনে ছড়িয়ে দেওয়া হয় সাদা সরিষা। আদালতের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই রহস্যময় দৃশ্য। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালতজুড়ে। পরে তদন্তে উঠে আসে, বিচারকের চেয়ারে কালো জাদু বা তান্ত্রিক আচার পালনের অভিযোগে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের কর্নাটক রাজ্য থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর নাম মঞ্জুলা। বয়স পঁয়ষট্টি বছর। তার বিরুদ্ধে অভিযোগ, কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার প্রথম অতিরিক্ত সিনিয়র সিভিল জজ এবং প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে প্রবেশ করে বিচারকের আসনে মন্ত্রপূত সাদা সরিষা ছিটিয়ে তান্ত্রিক আচার পালন করেন।
আদালত সূত্রের বরাতে জানা গেছে, ঘটনার দুই দিন পর আদালত ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার সময় নিরাপত্তাকর্মীদের নজরে আসে পুরো ঘটনাটি। ফুটেজে দেখা যায়, অভিযুক্ত নারী বিচারকের আসনের কাছে গিয়ে সেখানে সাদা সরিষা ছড়িয়ে কিছুক্ষণ অবস্থান করেন। এরপরই আদালতজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর আদালতের প্রধান প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত মামলা রুজু করে মঞ্জুলাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, কর্নাটক রাজ্যের ২০১৭ সালের অমানবিক কুপ্রথা ও কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এরই মধ্যে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের দাবি, এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি
এসি//