সাহাবিদের কোরআন সংরক্ষণের আদি ইতিহাস নিয়ে মক্কায় অনন্য জাদুঘর
পবিত্র কোরআন লিখন ও সংরক্ষণের আদি ইতিহাস দর্শনার্থীদের সামনে তুলে ধরতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সৌদি আরবের মক্কা নগরী। মক্কার বিখ্যাত হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত ‘দ্য হলি কোরআন মিউজিয়াম’-এ রাসুলের যুগে কোরআন লেখার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের অবিকল প্রতিলিপি (মডেল) প্রদর্শন করা হচ্ছো।
ওহী অবতীর্ণ হওয়ার পর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবীরা ঠিক কীভাবে এবং কী ধরনের সামগ্রী দিয়ে কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করেছিলেন, এই জাদুঘরে মূলত সেই চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে।
ইসলামের শুরুর যুগে যখন পবিত্র কোরআন সম্পূর্ণ গ্রন্থ আকারে সংকলিত হয়নি, তখন সাহাবীরা চামড়ার টুকরো, খেজুরের ডাল, কাঠ, পাথর এবং পশুর হাড়ের (যেমন কাঁধ ও পাঁজরের হাড়) ওপর কোরআনের বাণী লিখে রাখতেন। হেরা কালচারাল ডিস্ট্রিক্টের এই জাদুঘরে সেই প্রাচীনকালের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর হুবহু প্রতিরূপ প্রদর্শন করা হচ্ছে।
প্রাচীন এই নিদর্শনগুলোর পাশাপাশি দর্শকদের সুবিধার্থে এখানে আধুনিক ব্যাখ্যামূলক ডিসপ্লে বোর্ড এবং ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে।
কীভাবে এই সাধারণ প্রাকৃতিক উপকরণগুলো কোরআন সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়েছিল এবং মূল বাণীকে বিন্দুমাত্র পরিবর্তন না করে হুবহু টিকিয়ে রাখতে সাহাবীরা কেমন অক্লান্ত পরিশ্রম করেছিলেন, তা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রদর্শনীতে।
বর্তমানে হেরা কালচারাল ডিস্ট্রিক্টের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে সুসজ্জিত এই জাদুঘরটি। আধুনিক প্রদর্শনী হল এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে এটি গড়ে তোলা হয়েছে। এখানে এসে দর্শনার্থীরা কোরআনের ইতিহাস, এর অন্তর্নিহিত জ্ঞান এবং পবিত্র গ্রন্থটি সংকলনের প্রতিটি ধাপ সম্পর্কে গভীর ও বাস্তবসম্মত ধারণা লাভ করতে পারছেন।
আর/আই