থামাল মেসির গোলের জাদু!
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে পুরো ১২০ মিনিট মাঠে ছিলেন লিওনেল মেসি। কিন্তু এবার আর জালের দেখা পাননি আর্জেন্টিনার অধিনায়ক। এর মধ্য দিয়েই শেষ হলো বিশ্বকাপে তার টানা নয় ম্যাচে গোল করার অবিশ্বাস্য রেকর্ডযাত্রা।
মেসির এই দুর্দান্ত ধারার শুরু ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষে টানা চার নকআউট ম্যাচেই গোল করেছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে করেছিলেন দুটি গোল, যা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে দেয়।

চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে একটি গোল করেন। এরপর নকআউট পর্বে কাবো ভার্দে ও মিসরের বিপক্ষেও গোল করে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন।
দুই বিশ্বকাপ মিলিয়ে টানা নয় ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১৩। বিশ্বকাপ ইতিহাসে কোনো ফুটবলারের টানা ম্যাচে গোল করার ক্ষেত্রে এটিই সর্বোচ্চ রেকর্ড।
তবে সুইজারল্যান্ড গোল করতে না দিলেও ম্যাচে নিজের প্রভাব ঠিকই রেখেছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের দশম মিনিটে তার নেওয়া কর্নার থেকেই হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পুরো ম্যাচজুড়েই আক্রমণ গড়ে তোলা, সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়া এবং প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করার ক্ষেত্রে ছিলেন সক্রিয়।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোল আটটি। একই সংখ্যক গোল রয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেরও। ফলে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে শেষ পর্যায়ে। অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২১ গোলের রেকর্ডও এখন মেসির দখলে।
যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে তার গোলের ধারাবাহিকতা থেমেছে, তবু শেষ হয়ে যায়নি বিশ্বকাপ মিশন। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেই আবারও গোলের খাতায় নাম লেখানোর পাশাপাশি নতুন করে ইতিহাস গড়ার সুযোগ থাকবে লিওনেল মেসির সামনে।
এসি//