নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর সবুজ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং রহিম সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে ফুটবল খেলা দেখতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সবুজ নিখোঁজ ছিলেন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
এমএ//