‘৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু’
গেল চারদিনে দেশের বিভিন্ন স্থানে টানা ভারী বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (০৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৫ জন, বান্দরবানে ৫ জন এবং রাঙ্গামাটিতে ১ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, দুর্গত মানুষের জন্য পাঁচ জেলায় মোট ১ হাজার ৪২৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৪১১টি, কক্সবাজারে ৬৪০টি, রাঙ্গামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ১৩৫টি এবং বান্দরবানে ২২০টি আশ্রয়কেন্দ্র রয়েছে।
এসব আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামে ৮ হাজার ৩৪০ জন, কক্সবাজারে ১২ হাজার ৬ জন, খাগড়াছড়িতে ১ হাজার ৭৫৫ জন এবং বান্দরবানে ২ হাজার ১৭৩ জন আশ্রয় নিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, গেল ৭ জুলাই দুর্গত প্রতিটি জেলার জন্য ১০ লাখ টাকা করে নগদ অর্থ এবং ২০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়।
এছাড়া বৃহস্পতিবার নতুন করে চট্টগ্রামের জন্য ২৫ লাখ টাকা, কক্সবাজারের জন্য ২০ লাখ টাকা এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ১০ লাখ টাকা করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।
খাদ্য সহায়তা হিসেবে চট্টগ্রামের জন্য ৩০০ মেট্রিক টন, কক্সবাজারের জন্য ২৫০ মেট্রিক টন এবং খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ২০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুর্গত প্রতিটি জেলার জন্য আরও ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
এমএ//